শিক্ষক নিয়োগের আগেই ঘুষ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কয়েকটি পদে নিয়োগের আগেই ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিলও করেছেন এলাকাবাসী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৮ ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রফিক অবসর গ্রহণের পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। চলতি বছরের ১৬ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হিন্দুধর্ম বিষয়ের একজন শিক্ষক ও একজন অফিস সহকারী পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
তবে এসব পদে নিয়োগের আগেই প্রার্থীদের কাছে থেকে মোটা অঙ্কের ঘুষ-বাণিজ্য শুরু হয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
গত ১০ এপ্রিল জেলা শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিজ্ঞাপনের পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় খলসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে চেষ্টা করছেন।
এদিকে ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি অযোগ্য প্রার্থীদের নিয়োগের চেষ্টা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত ৩০ এপ্রিল বিক্ষোভ-মিছিলও করেন এলাকাবাসী।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, এসব পদে সরকার-সমর্থক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন প্রধান শিক্ষক পদে একজন প্রার্থীর কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা উৎকোচ নিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। টাকার বিনিময়ে অযোগ্য ওই সব প্রার্থীকে নিয়োগ দেওয়া হলে বিদ্যালয়ের শিক্ষার মান নষ্ট হবে বলে জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ সত্য নয়। কোনো প্রার্থীর কাছ থেকে কোনো টাকাপয়সা নেওয়া হয়নি।’
জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার মো. রেজাউল করিম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।