শিক্ষক নির্বাচনে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণ কোর্স চালুর প্রথম বছরেই চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগ উঠেছে। আলমডাঙ্গার কমলাপুর প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শুরু হতে যাওয়া হওয়া এ প্রশিক্ষণে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কনিষ্ঠ শিক্ষকদের সুযোগ দেওয়া হয়েছে।
তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) রমেন্দ্র নাথ পোদ্দার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) নির্দেশনা ও কমলাপুর পিটিআই তত্ত্বাবধায়কের চাহিদা অনুযায়ী শিক্ষকদের প্রেষণে প্রশিক্ষণে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে অবস্থিত নেপের ওয়েবসাইটে দেখা যায়, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে ২০১৭ সালের জানুয়ারি থেকে দেশে ডিপিএড প্রশিক্ষণ চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন প্রাইমারি এডুকেশন (সিইনএড) কোর্সের পর এবার ১৮ মাসব্যাপী এ কোর্স চালু করা হয়েছে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত মাস্টার ও ট্রেইনারদেরও প্রশিক্ষণ শেষ হয়েছে।
কমলাপুর পিটিআই সূত্র জানায়, চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৫ জন শিক্ষক প্রথম দফায় এ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন। নির্ধারিত সময় ৩০ নভেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তাঁদের নামের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৬, দামুড়হুদার ২৮, জীবননগরের ১৭ ও আলমডাঙ্গার ২৪ জন রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, নামের তালিকা তৈরির সময় যথাযথ নিয়ম মানা হয়নি। জ্যেষ্ঠদের বাদ রেখে কনিষ্ঠদের সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি ২০১২-১৩ সালে নিয়োগ পাওয়া শিক্ষকেরা প্রশিক্ষণের সুযোগ না পেলেও ২০১৫-১৬ সালে নিয়োগ পাওয়া শিক্ষকেরা সুযোগ পেয়েছেন।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ইসলাম বলেন, ডিপিএড কোর্সে প্রেষণে পাঠাতে নিয়ম হচ্ছে জ্যেষ্ঠ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া। সে হিসাবে আলমডাঙ্গা উপজেলায় ১৯ জনের তালিকা করা হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এখান থেকে পিটিআইয়ে প্রেষণে পাঠাতে মোট ১৯ জনের নামের তালিকা তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়। অথচ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে এ উপজেলার জন্য ২৪ জনের নাম পিটিআইয়ে পাঠানো হয়েছে। এ অনিয়মের কারণে জ্যেষ্ঠ শিক্ষকেরা দীর্ঘমেয়াদি এ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।
রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই তালিকা তৈরির চেষ্টা করা হয়েছে। অনিয়মের বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’