রাজশাহীর দুর্গাপুর তেবিলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গতকাল বুধবার আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার শেখপাড়া গ্রামের আওয়ামী লীগকর্মী মোজাম (৪৬), সুখানদীঘি গ্রামের যুবলীগ নেতা মাসুদ রানা (৪২), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনের চাচাতো ভাই যুবলীগ নেতা মাসুদ (৪২), মেয়রের ভাগনে ও যুবলীগ নেতা রবিন (৪০), এনামুল হক (৩৮), ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪২), ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম (৪৯) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভাসান আলী (৪৮)। এঁদের মধ্যে যুবলীগ নেতা মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে কাকে নিয়োগ দেওয়া হবে, সেটি নিয়োগ বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু তৃতীয় একটি পক্ষ নিয়োগ বন্ধ করার জন্য হামলা চালিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান বলেন, নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার তেবিলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে গতকাল সকাল ১০টা থেকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর জন্য ওই পদে আবেদন করেছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষকও রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগপন্থী সহকারী শিক্ষক মোজাম্মেল হক ও বিএনপিপন্থী সহকারী শিক্ষক আফসার আলী।
এই দুজনের মধ্যে মোজাম্মেল হককে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চেষ্টা চালান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন এবং তাঁর লোকজন। অন্যদিকে জ্যেষ্ঠ শিক্ষক আফসার আলীর পক্ষ নেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আলী ও তাঁর লোকজন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জের ধরে গতকাল বুধবার নিয়োগ পরীক্ষা শুরুর আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এদিকে দুপুর ১২টার দিকে বিএনপিপন্থী শিক্ষক আফসার আলীর সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের ছোট ভাই ও ধরমপুর ডিগ্রি কলেজের ছাত্র মুন্না (২০) কলেজে এলে পৌর মেয়র তোফাজ্জল হোসেনের লোকজন তাঁকে মারধর করে। এতে তিনিও আহত হন। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী বলেন, শিক্ষক মোজাম্মেলের চেয়ে জ্যেষ্ঠ শিক্ষক আফসার আলী। তাই সব শিক্ষক তাঁর পক্ষেই ছিলেন। কিন্তু মেয়র তোফাজ্জল হোসেন সেই শিক্ষকের নিয়োগ ঠেকাতে উঠেপড়ে লেগেছেন। তাঁর লোকজনই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা বন্ধের পেছনে কাজ করেছে।
ইয়াছিন আলী আরও বলেন, স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদ দারার অনুমতি নিয়েই বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকের সিদ্ধান্তক্রমে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আফসার আলীকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
পৌর মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। কারা ওখানে হামলা করেছে, তা বলতে পারব না।’