কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা ভন্ডুল করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দলীয় এক নেতাকে ইন্টারভিউতে সুযোগ না দেওয়ায় তাঁরা ওই পরীক্ষা বন্ধ করে দেন। ওই কারণে বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শর্ত পূরণ না হওয়ায় ফয়সাল আরেফিন নামের ওই আবেদনকারীকে ইন্টারভিউ কার্ড দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান ওরফে মাসুমের অনুসারী ছাত্রলীগের একদল কর্মী উপাচার্যের দপ্তরের সামনে যান। ওই সময়ে তাঁরা পরীক্ষা দিতে আসা আবেদনকারীদের বের করে দেন। একপর্যায়ে তাঁরা আজ বুধবার অনুষ্ঠেয় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ফয়সাল আরেফিনের নামে ইন্টারভিউ কার্ড দেওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের কর্মীদের ওই দাবি প্রত্যাখ্যান করে। এরপর তাঁরা গতকালের নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।
উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য মো. আলী আশরাফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পরীক্ষা স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের অন্তত তিনজন শিক্ষক জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবিএ ও এমবিএতে একজন প্রার্থীর ন্যূনতম সিজিপিএ-৩.৭০ নির্ধারণ করা হয়। ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আরেফিনের বিবিএর ফল ৩.৬৭। নিয়োগ পরীক্ষার এ শর্ত পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ইন্টারভিউ কার্ড ইস্যু করেনি। যাঁরা শর্ত পূরণ করেছেন, তাঁদের প্রত্যেককে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই যোগ্যতা চাওয়া হয়।
এ ব্যাপারে ফয়সাল আরেফিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই সিজিপিএ বাড়িয়ে দেয়। ওই কারণে আমাদের দলের প্রার্থী ইন্টারভিউ কার্ড পাননি। পরীক্ষা বন্ধ করতে আমি যাইনি। দলের কিছু ক্ষুব্ধ নেতা-কর্মী ওই কাজ করেছেন। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘শর্ত পূরণ না হওয়ায় ইন্টারভিউ কার্ড দেওয়া হয়নি। এভাবে দলবল নিয়ে এসে পরীক্ষা বন্ধ করে দেওয়া নজিরবিহীন ঘটনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধাবী ও যোগ্য প্রার্থীদের শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। ছেলেপেলেদের এমন কাণ্ডের পর পরীক্ষা স্থগিত করা হয়।’