বগুড়ার দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান (জেকে) ডিগ্রি কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদের সঙ্গে অধ্যক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ আবদুল মজিদ জানান, এক বছর আগে থেকেই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘পরীক্ষার কয়েক দিন আগে থেকেই জাতীয় পার্টির (জাপা) উপজেলা আহ্বায়ক তৌহিদুর রহমান ও সাংসদের ছেলে মুঠোফোনে নিয়োগের টাকা সাংসদকে দেওয়ার জন্য আবদার করেন। আমি নিয়োগে কোনো প্রার্থীর কাছ থেকে টাকা নিইনি। সুতরাং সাংসদকে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে জানিয়েছি।’
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাপার স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমাকে না জানিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। আমার পরিবারের সদস্যদের ঘামঝরা কলেজ এটি। আমার ছেলের অধ্যক্ষের কাছ থেকে নিয়োগের টাকা চাওয়ার প্রশ্নই আসে না। বরং অধ্যক্ষ দু-একজন সদস্যকে হাত করে নিয়োগ-বাণিজ্য করেছেন।’
কলেজ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জেকে কলেজে অর্থনীতি, ব্যবস্থাপনা ও রসায়ন বিষয়ে শূন্য পদে এবং ডিগ্রি পর্যায়ে ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিষয়ে সৃষ্ট পদে শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নৈশপ্রহরী পদে নিয়োগের জন্য একটি অখ্যাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন অধ্যক্ষ। এসব পদের জন্য অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ৮ আগস্ট বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ উঠেছে, জেকে কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সঙ্গে যোগসাজশ করে ওই প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ পরীক্ষা নিয়েছেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদার ওই নিয়োগ পরীক্ষায় উপস্থিত হননি। তবে নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত থাকায় তাঁরা নিয়োগ পরীক্ষা নিয়ে প্রার্থীদের বাছাই করে নিয়োগের জন্য সুপারিশ করেন।