শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধে খুন হলেন সভাপতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুই দিন পর বরিশালের উজিরপুর উপজেলার শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ধীরেন রায়ের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার পার্শ্ববর্তী পিরোজপুরের নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ধীরেন রায়ের বাড়ি উজিরপুরের সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে। পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে অপহরণ করে হত্যা করেছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধীরেন রায়ের সঙ্গে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুভাষ রায়ের বিরোধ ছিল। এর জের ধরে দুবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। গত ৭ জুলাই সুভাষ রায়ের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত একজন নিয়োগ পান।

গতকাল সকাল ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামে ডাকুয়ার খালে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা লাশ শনাক্ত করেন।

ধীরেন রায়ের স্ত্রী মৃণালিনী রায় বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তিনি ছোট ছেলেকে নিয়ে হাবিবপুর বেড়াতে যান। ওই দিন সন্ধ্যায় রায় বংশের লোকজন নিয়ে মাখন রায়ের ঘরে বৈঠক করেছিলেন ধীরেন রায়। রাত ১১টায় তাঁর স্বামী বাড়িতে গিয়ে একাই ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বাড়িতে গিয়ে তিনি দেখেন, দরজা খোলা। ভেতরে কেউ নেই। আশপাশের লোকজন জড়ো করে খোঁজাখুঁজি করলে ঘরের পাশের ডোবায় ধীরেন রায়ের লুঙ্গি পাওয়া যায়। ওই দিন উজিরপুর থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল ধীরেন রায়ের নিহত হওয়ার সংবাদ পান।

মৃণালিনী রায় অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুভাষ রায়, সুনীল রায় ও তাঁদের ভাড়াটে সন্ত্রাসীরা ধীরেন রায়কে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করবেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার গতকাল বিকেলে বলেন, লাশের দুই পায়ে ৮টি ইট বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধীরেন রায়কে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।