শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার পরও অন্য প্রার্থীকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সমীরণ সরকার। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সমীরণ সরকার বলেন, গত ১৪ জুন স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন ডুমুরিয়া ডিগ্রি কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রভাষক পদে একজন শিক্ষক নিয়োগ করা হবে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি কাগজপত্র জমা দেন। ১২ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হয়। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে তাঁকে প্রথম ও সব্যসাচী নামের অপর একজনকে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে নাম ঘোষণা করা হয়। কিন্তু এত দিনেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি তাঁর নিয়োগ বাতিল করতে চক্রান্ত চলছে। এ পদে অন্য ব্যক্তিকে নিয়োগ দিতে ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ডুমুরিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনেয়ারা খানম বলেন, টাকার বিনিময়ে অন্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সমীরণ ভাইভা বোর্ডে স্নাতকোত্তরের সনদপত্র দেখাতে পারেননি। তাঁর আবেদনেও জটিলতা ছিল। এ কথা বলেই তিনি মুঠোফোনটি অন্য একজনকে ধরিয়ে দেন। নিজেকে পরিচালনা পর্ষদের সদস্য দাবি করে আবদুল লতিফ বিশ্বাস নামের ওই ব্যক্তি বলেন, সমীরণ ভাইভা বোর্ডে আইসিটি বিষয়ে কোনো কাগজ দেখাতে পারেননি। তবে সমীরণ বলেন, তিনি আইসিটি নিবন্ধনের কাগজ ভাইভা বোর্ডে দেখিয়েছেন।
ডুমুরিয়ার ইউএনও সামছু-দ্দৌজা বলেন, সমীরণ ভাইভা বোর্ডে আইসিটি বিষয়ে নিবন্ধনের কোনো সনদ দেখাতে পারেননি। এ কারণে তাঁকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তবে ওই দিন নিয়োগ পরীক্ষা শেষে আইসিটি বিষয়ে সমীরণের নাম ঘোষণা করা হয়েছিল কি না, জানতে চাইলে সামছু-দ্দৌজা বলেন, ‘নাম ঘোষণা করা হলো কি না, সেটা আসল ব্যাপার নয়। ব্যাপার হলো সমীরণের সনদ ছিল না।’