শিক্ষক নেতাদের বই-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে মাধ্যমিকের পাঠ্যতালিকায় বোর্ডের বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের পাশাপাশি দুজন লেখকের বই কেনার জন্য শিক্ষার্থীদের কাছে বুকলিস্ট (বইয়ের তালিকা) দেওয়ার অভিযোগ উঠেছে। দুটি শিক্ষক সমিতির শিক্ষকেরা এই গ্রামার বইয়ের বাণিজ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান বলেন, বইয়ের তালিকা দিয়ে ব্যাকরণ বই কিনতে দেওয়ার কোনো বিধান নেই। এটা অন্যায়। শিক্ষকদের চালাকি। নিশ্চয়ই এর পেছনে তাঁদের লাভ আছে।
উপজেলায় ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গড়ে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী আছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কাছে বইয়ের একটি তালিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ওই তালিকার বই কিনতে বলা হয়েছে। তাদের এ বইগুলো দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে।
বইয়ের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার কিনতে ৫৫০ টাকা, সপ্তম শ্রেণির ৬৪২ টাকা, অষ্টম শ্রেণির ৭২০ টাকা ও নবম শ্রেণির ৮৬০ টাকা লাগছে।
বই বিক্রেতারা জানান, শিক্ষক সমিতির নির্ধারিত ষষ্ঠ থেকে নবম শ্রেণির বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারগুলোর কাগজ ও ছাপার মান বেশ খারাপ। এর পরও তাঁদের ওই বইগুলো অধিক দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামেই।
গত রোববার কুমারখালী বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি বইয়ের দোকানে নাজমুল হোসেন ও সবুজ হোসেন নামের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা জানায়, তাদের বিদ্যালয়ের শিক্ষকেরা যে দুটি গ্রামার বই কিনতে বলেছেন, তার দাম অনেক বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, উপজেলায় উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় শিক্ষক কল্যাণ সমিতি নামে পৃথক দুটি সংগঠন রয়েছে। এ সংগঠনগুলোর নেতারা অখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের (ব্যবসায়ী) প্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে বছরের শুরুতেই নতুন বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।
উত্তরাঞ্চলীয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও জিডি সামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস বলেন, ‘আমরা সরকারের দেওয়া বই পড়াচ্ছি। বুকলিস্ট দেওয়া হলে সেটা সেই স্কুলের ব্যাপার।’
দক্ষিণাঞ্চলীয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘আমরা তো ওভাবে বুকলিস্ট দিই না। ছাত্রছাত্রীরা সরকারের দেওয়া বই বাদে বিভিন্ন বই কেনে। সমিতি সাজেস্ট করে, কিন্তু বাধ্য করে না। বাইরে যাঁরা বলেন, তা অপপ্রচার।’