শিক্ষক পদ থেকে বহিষ্কার, উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ
সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক পদ থেকে বহিষ্কৃত ফজলুর রহমানকে ওই কলেজেরই উপাধ্যক্ষ পদে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. সহিদুর রহমান। এ নিয়োগ বাতিলের জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সহিদুর রহমান বলেন, ১৯৯৪ সালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ এলাকায় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। তখন প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য একটি মহল প্রক্রিয়া শুরু করলে এলাকাবাসী তা হতে দেননি। তবে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর নিয়মনীতি উপেক্ষা করে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়োগ বোর্ড বসিয়ে ফজলুর রহমানকে কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালের ১১ অক্টোবর তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দায়িত্ব পালনে অবহেলা, পরিচালনা পর্ষদের আদেশ অমান্য করাসহ কলেজের তহবিল তছরুপের অভিযোগে তাঁকে ওই বছরের ৯ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়।
সহিদুর রহমান অভিযোগ করেন, নিয়োগ বোর্ড সাধারণত কলেজ ক্যাম্পাসে হয়ে থাকে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ধরনের নিয়োগ বোর্ড হওয়ার কোনো নজির নেই। নিয়োগ বোর্ডে আটজন প্রার্থী অংশগ্রহণ করলেও জালিয়াতির মাধ্যমে ফজলুর রহমানকে প্রথম করা হয়েছে। তাঁকে নিয়োগ দেওয়ার জন্য গত বছরের ২০ নভেম্বর ১২ জনের উপস্থিতি দেখিয়ে কলেজ পরিচালনা পর্ষদের একটি সভা করে রেজুলেশন করা হয়েছে। অথচ ওই সভায় ১২ সদস্যের সবাই উপস্থিত ছিলেন না।
কলেজে নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ফজলুর রহমান বলেন, তাঁকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছিল। তিনি পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগও সঠিক নয়।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সোবাহান দাবি করেন, তাঁরা বৈধভাবে ফজলুর রহমানকে নিয়োগ দিয়েছেন। তাঁকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছিল। আর কলেজের বাইরে নিয়োগ বোর্ড করারও নিয়ম রয়েছে।