শিক্ষক পেটানো বখাটের বাবাকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার সিঁধুইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইউনুস আলীকে (৪৫) ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির বখাটে শিক্ষার্থী ইয়ামিনের বাবা ইসমাইল হোসেন লাঠিপেটা করেন। আহত শিক্ষক ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। বক্তব্য দেন সিঁধুইল দাখিল মাদ্রাসার সুপার মো. তোফাজ্জল হোসেন, গ্রামবাসী মোজাম হোসেন ও গোলাম মোস্তফা, মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনজুয়ারা বেগম প্রমুখ। বক্তরা শিক্ষক পেটানো ইসমাইল হোসেনসহ জড়িত লোকজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মাদ্রাসা সূত্র জানায়, বখাটে ইয়ামিন একই মাদ্রাসায় অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করত। এ ঘটনা ওই দুই ছাত্রী তাদের মাকে জানায়। তাদের মায়েরা বিষয়টি শিক্ষক ইউনুস আলীকে জানান। পরে শিক্ষক ইউনুস মাদ্রাসা সুপার তোফাজ্জল হোসেনের কক্ষে গত মঙ্গলবার ইয়ামিনকে ডেকে নেন। তোফাজ্জল হোসেন এ রকম ঘটনা যেন আর ঘটানো না হয় এ জন্য তাকে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেন। এ ঘটনার পর গত বৃহস্পতিবার শিক্ষক ইউনুস মাদ্রাসায় আসার পথে তাঁর মোটরসাইকেল আটকিয়ে ইয়ামিনের বাবা ইসমাইল হোসেন তাঁকে লাঠিপেটা করেন। এতে তিনি মাথায় আঘাত পান। বর্তমানে তিনি রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজার রহমান গত শুক্রবার ইসমাইল, তাঁর স্ত্রী সাবিনা বেগমসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।