শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে বদলির প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ হোসেন কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক মো. অহাব মিয়াকে ব্রা‏হ্মণবাড়িয়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং ওই বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হুমায়ুন কবির সরকারকে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তাৎক্ষণিক বদলির আদেশ করেন।

গতকাল সকালে বিদ্যালয়ে এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণিকক্ষ থেকে তিন শতাধিক ছাত্রী বের হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে তারা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়।

পরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম তাঁর কার্যালয়ে এলে শিক্ষার্থীরা তাদের বক্তব্য পেশ করে। ইউএনও তাদের লিখিতভাবে জানানোর কথা বলে তাদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের কোনো শিক্ষক নেই। বাংলা বিষয়ের একজন অতিরিক্ত শিক্ষক রয়েছে। এ কারণে অহাব মিয়াকে বদলি করে ইংরেজি শিক্ষক হুমায়ুন কবিরকে এখানে আনা হচ্ছে।