বরিশালের মুলাদীতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুলশিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলউদ্দিন আকন। মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষক অন্য একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালান। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীর এক আত্মীয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাছে বিচার দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা পরিষদ ঘটনার সত্যতা পায় এবং ওই শিক্ষককে বরখাস্ত করে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, যৌন হয়রানির অভিযোগে পরিচালনা পরিষদ ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।