শিক্ষক বাসে হামলায় জড়িতদের বহিষ্কারের দাবিতে কর্মবিরতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে ককটেল হামলায় জড়িত ব্যক্তিদের বহিষ্কারের দাবিতে আবারও এক ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। আগামীকাল বুধবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি বেণু কুমার দে।
১০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে বড় ধরনের হামলা চালানো হয়। এতে ১২ শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। এ জন্য শিবিরকে দায়ী করেছেন পুলিশসহ শিক্ষকেরা। তবে শিবির দায় অস্বীকার করে আসছিল।
সমাবেশে সভাপতির বক্তব্যে বেণু কুমার দে বলেন, ‘শিক্ষক বাসে ককটেল হামলা হয়েছে হত্যার চেষ্টায়। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে ও স্বীকারোক্তিতে যাদের নাম এসেছে, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যদি দাবি মানা না হয় তাহলে আগামীকাল (আজ বুধবার) থেকে শিক্ষকেরা আবারও এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবে। এ ছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী একটি বিবৃতি পর্যন্ত দেননি। তিনি সমাবেদনাও প্রকাশ করেননি; যা আমাদের ব্যথিত করেছে। আমরা ওই দিন নিজেদের দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম।’
বক্তারা আরও বলেন, এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শাস্তি না দিলে একদিন হয়তো তারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আঘাত করতে দ্বিধা করবে না। তাই হামলাকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ আলম, হাসান মোহাম্মদ, দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, জিনবোধি ভিক্ষু, মঈনুল হক মিয়াজি, তাপসী ঘোষ রায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন শংকর লাল সাহা ও কলা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী, সিন্ডিকেট সদস্য মাছুম আহমেদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, শিক্ষকনেতা আবু তাহের, নারীনেত্রী জেসমিন সুলতানা, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ন মাসুদ প্রমুখ।