শিক্ষক মিলনায়তনে গোবর ছুড়ল দুর্বৃত্তরা
ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিণ ভরাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গত দুই দিনের বন্ধের সময় গোবর ছুড়ে কক্ষ নোংরা করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকাসহ সব আসবাব নোংরা হয়ে গেছে।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে বিদ্যালয় খোলা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা শিক্ষক মিলনায়তনের তালা ভাঙা দেখতে পান। পরে তাঁরা মিলনায়তনের ভেতরে গিয়ে দেখতে পান দুর্বৃত্তদের ছোড়া গোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকা, জায়নামাজ, স্কুলের আলমারি, চেয়ার-টেবিল, শিক্ষক মিলনায়তনে থাকা বইপত্রসহ সবকিছু নোংরা হয়ে গেছে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বিষয়টি ভালুকা মডেল থানা-পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুজ্জামানকে জানান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ স্কুলে যান। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে ওই গোবর পরিষ্কার করে।
ওসি মামুনুর রশিদ বলেন, কিছুদিন আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি খেলা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।