শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন
নীলফামারীতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রংপুরে অবস্থানরত নীলফামারীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই কর্মসূচি পালন করেন।
রংপুর প্রেসক্লাবের সামনে গতকাল সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাঁরা বলেন, নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায়কে গত বুধবার কামরুল হাসান নামের এক অভিভাবক লাঞ্ছিত করেছেন। কামরুল হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কর্মসূচিতে কৈলাশ চন্দ্র রায়ের মেয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিখা রায়ও বক্তব্য দেন।
লাঞ্ছনার ঘটনায় শিক্ষক কৈলাশ চন্দ্র রায় বৃহস্পতিবার ডিমলা থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই কামরুল হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।