শিক্ষক শফিউল হত্যা মামলায় গ্রেপ্তার রেশমা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাসরিন আখতার ওরফে রেশমাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শফিউল হত্যাকাণ্ডের পর কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী সেকশন অফিসারের দায়িত্বে থাকা রেশমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার মহানগর মুখ্য হাকিম আদালতে রেশমাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত রিমান্ডের শুনানির দিন ধার্য করেননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বলেছেন, ঘটনার পর থেকে নাসরিন আখতার রেশমা কর্মস্থলে যাননি। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেশমা এই হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের হাতে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার আবদুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী।
হত্যাকাণ্ডের পর সংবাদ সম্মেলন করে র‌্যাব দাবি করেছিল, রেশমার সঙ্গে অধ্যাপক শফিউলের ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণেই হত্যার পরিকল্পনা করেন সামাদ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচন্ডি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় রেশমা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আপাতত তাঁর দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম।