শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে এবার পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পোস্টার ছাপিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এসব পোস্টারের বেশির ভাগই ছিঁড়ে ফেলেছেন।

আজ মঙ্গলবার বন্দর উপজেলার কল্যাণদী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বিভিন্ন ঘর, বাড়ির দেয়াল ও টিনে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ছবি দিয়ে পোস্টার সাঁটানো আছে। নিচে সৌজন্যের স্থানে লেখা ‘পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও সর্বস্তরের জনগণ’। এতে লেখা রয়েছে, ‘আল্লাহ-রাসুলের কটূক্তিকারী ও মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে ছাত্র নির্যাতনকারী পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের চাকরি থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’
কয়েকজন গ্রামবাসী বলেন, কয়েক দিন আগে রাতের অন্ধকারে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে। বেশির ভাগ পোস্টারই গ্রামের সাধারণ মানুষ ছিঁড়ে ফেলেছে।
পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় টিচার্স ট্রেনিং সেন্টারে আইসিটি প্রশিক্ষণে অংশ নিতে ৩১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক প্রধান শিক্ষকের ছুটি অনুমোদন করেছেন।
নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ পোস্টারের ব্যাপারে তিনি কিছু জানেন না।

উল্লেখ্য, শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।