বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাইভেট না পড়ায় চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। আমতলী উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগরিকা রাহা এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শিক্ষার্থী তানভীর মাহমুদের মা শাহানারা বেগম বাদী হয়ে ২০ আগস্ট আমতলী জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্তি বিশ্বাসের আদালতে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ আগস্ট বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান আমতলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল বাশার ও মেহেরুননেছাকে ঘটনা তদন্তের নির্দেশ দেন। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে গতকাল ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ১৮ আগস্ট বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িকের বাংলা পরীক্ষার সময় পঞ্চম শ্রেণির ছাত্র তানভীর, সফিউল বাসার, আরিফ হোসেন ও শাকুরকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা খানম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নিজমুল হক পিটিয়ে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন। এতে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তানভীরের মা শাহানারা বেগম অভিযোগ করেন, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার তানভীরসহ কয়েকজন সহপাঠীকে দীর্ঘদিন ধরে তাঁর কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তাঁর ছেলে বাইরের অপর এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ায় মাহমুদা আক্তারের কাছে প্রাইভেট পড়তে রাজি হয়নি। এ কারণে গত দেড় মাস তানভীর বিদ্যালয়ে যায়নি। এর জের ধরে শিক্ষক মাহমুদা ক্ষিপ্ত হয়ে তানভীর, সফিউল, আরিফ ও শাকুরকে পরীক্ষা চলাকালে দুষ্টামি করার অভিযোগে বেত্রাঘাত করেন। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নিজামুল হকও ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন।
তবে বরখাস্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে মাহমুদা আক্তার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমি শিক্ষার্থীদের বেত্রাঘাত করিনি।’