শিক্ষক স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হয়রানি করার অভিযোগ স্ত্রীর
স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে পরিবারকে হয়রানি করার অভিযোগ করেছেন এক নারী। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পিংকি বড়ুয়া নামের ওই নারী অভিযোগ করেন, স্বামীর বিরুদ্ধে করা নির্যাতনের মামলা তুলে নিতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে।
পিংকি বড়ুয়ার স্বামী বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয় দে খাঁ। তাঁদের ছয় বছর বয়সী এক সন্তান রয়েছে।
পিংকি বড়ুয়া অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য স্বামী তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। মিথ্যা মামলায় তাঁর ফুফাতো ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর মা-বাবা এখন পালিয়ে বেড়াচ্ছেন। বান্দরবানের পুলিশও তাঁর স্বামীর পক্ষে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিংকির বাবা স্বপন বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন, নারী নেত্রী খালেদা আকতার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের বিশেষ প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর যৌতুকের জন্য তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। তখন তিনি চট্টগ্রামে ভাইয়ের বাসায় ওঠেন। এরপর স্বামীর বিরুদ্ধে ৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর ২১ জানুয়ারি তাঁকে তাঁর মা-বাবা ও ফুফাতো ভাই অপহরণ করেছে অভিযোগ তুলে তিনজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন তাঁর স্বামী। এ ঘটনার পর ২৩ জানুয়ারি রাতে বান্দরবান গোয়েন্দা পুলিশ সন্তানসহ ভাইয়ের বাসা থেকে তাঁকে বান্দরবানে নিয়ে যায়। পরদিন তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে স্বামীর পক্ষ নেওয়ার অনুরোধ করেন পুলিশ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না বলে সুপ্রিয় দে মামলা করেছেন। এটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। ওই নারীকে চট্টগ্রাম থেকে উদ্ধারের পর আমার কার্যালয়ে আনা হয়েছিল। আমি শুধু তাঁকে জিজ্ঞেস করেছি তিনি স্বামীর সঙ্গে থাকতে চান নাকি আইনি পথে এগোতে চান।’
অভিযোগের বিষয়ে মুঠোফোনে স্বামী সুপ্রিয় দে খাঁর সঙ্গে যোগাযোগ করা হলে যৌতুক দাবি ও নির্যাতনের বিষয় অস্বীকার করেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে ফেরত চাই। সন্দেহের বশে সে আমাকে ছেড়ে চলে যায়। কোনোভাবেই আমি তাঁকে খুঁজে পাচ্ছিলাম না। তাঁর মা-বাবাও পিংকির কোনো খোঁজ জানাচ্ছিলেন না। স্ত্রীকে ফেরত পেতে আমি বাধ্য হয়ে অপহরণের মামলা করেছি।’