শিক্ষক হত্যায় জড়িত সন্দেহে আটক অর্ধশত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে আরও অন্তত ৩০ জনকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটকের সংখ্যা অর্ধশত বলে জানিয়েছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
শিক্ষক শফিউল ইসলামের খুনিদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। আজ সোমবারও বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে জানান, আগামীকাল মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা হবে না।
সকালে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শফিউলের হত্যাকারীদের আটক করতে একসঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশ, মতিহার থানার পুলিশসহ অনেকগুলো দল কাজ করছে। গতকাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মির্জাপুরের রিমা ছাত্রাবাস থেকে পাঁচ শিক্ষার্থীসহ ৩০ জনকে আটক করা হয়। সারারাত অভিযান চালিয়ে বিনোদপুর, মির্জাপুর, কাটাখালী, চৌদ্দপাইসহ বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, তদন্তের স্বার্থে এখন আটককৃত কারও নাম বলা যাচ্ছে না। তাদের মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা প্রায় অর্ধশত বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম মজুমদার জানান, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তাঁরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি খুনিদের চিহ্নিত করে বিচার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আরও কঠোর কর্মসূচি দেবে।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পূর্বঘোষিত এই কর্মসূচিতে শিক্ষক সমিতির নেতাসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা বক্তব্য দেন। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা ঘোষণা করে। মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
গত শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে মতিহার থানার পুলিশ। পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। তারা নগরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবিরসহ ২০ জনকে আটক করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীও রয়েছেন।
গত শনিবার বেলা আড়াইটার দিকে চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ হত্যার ঘটনায় গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।