রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাসরিন আকতার নামের একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। নাসরিন আখতার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম আজ রাত সাড়ে ১০ টায় সাংবাদিকদের এ তথ্য জানান। নাসরিন আখতার হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের হাতে ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে গ্রেপ্তার হওয়া আবদুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী। হত্যাকাণ্ডের পর র্যাব সংবাদ সম্মেলন করে দাবি করে, নাসরিনের সঙ্গে অধ্যাপক শফিউলের ‘অসৌজন্যমূলক আচরণের’ কারণে শফিউলকে হত্যার পরিকল্পনা করে পিন্টু।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, শফিউল হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন নাসরিন দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বছরের ১৫ নভেম্বর ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুবৃর্ত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। ঘটনার পর থেকে এখন পর্যন্ত জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।