বগুড়ার ধুনটে শহিদুল ইসলাম (৩০) নামে এক স্কুলশিক্ষককে হত্যার দায় প্রেমিকের কাঁধে চাপিয়ে গত মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী সীমা খাতুন।
এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বুধবার দুপুরে মিছিল ও মানববন্ধন করেছেন।
ধুনট থানার পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, রোববার রাত আড়াইটার দিকে পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তাঁর শয়নকক্ষে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। এই ঘটনায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে সোমবার রাতে সীমা খাতুনসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষকের স্ত্রী সীমা খাতুনকে ঘটনার রাতেই আটক করে। দুই দিন থানাহাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে আদালতে হাজির করে। ওই দিন সন্ধ্যায় বগুড়া আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদি হাসান ১৬৪ ধারায় সীমা খাতুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে জামিনে মুক্তি দিয়ে পরিবারের জিম্মায় দিয়েছেন।
আদালতে দেওয়া সীমা খাতুনের জবানবন্দি থেকে জানা যায়, খাদুলী গ্রামের রহমত আলীর ছেলে খোরশেদ আলীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম ছিল। এ অবস্থায় পারিবারিকভাবে প্রায় দেড় মাস আগে তাঁর বিয়ে হয় রুদ্রবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজমল হোসেনের ছেলে মথুরাপুর ইউনিয়নের পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে। এতে খোরশেদ ক্ষিপ্ত হয়ে তাঁর স্বামীকে হত্যার হুমকি দেয়। রোববার দিবাগত রাতে তাঁরা স্বামী-স্ত্রী নিজেদের ঘরে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে তাঁর প্রেমিক খোরশেদ আলীসহ চার যুবক সিঁধ কেটে ওই ঘরে প্রবেশ করে তাঁকে টেনে মাটিতে নামায়। পরে তারা তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সীমা রাজি না হওয়ায় ঘুমন্ত অবস্থায় তাঁর স্বামীকে তারা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে হত্যার ঘটনার চার দিন পার হলেও পুলিশ মূল আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ফলে আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা শিক্ষকসমাজ ধুনট বাজারে মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য দেন নিহত শিক্ষকের মামা আবদুস সালাম, বোন আফরোজা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জিয়াউর রহমান প্রমুখ।
ওসি জিয়াউর রহমান বলেন, সীমা খাতুনের জবানবন্দি অনুযায়ী হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যে সোমবার দুপুরে রুবেল নামের এক হত্যাকারীর বাবা শফিকুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।