শিক্ষক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ির মানিকছড়ি কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার সকালে জেলা সদরে মানববন্ধন ও শোক র্যালি করেছে খাগড়াছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
জেলা সদরের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বার্ষিক পরীক্ষা বর্জন করে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে কয়েক শ শিক্ষার্থীও অংশ নেয়।
খাগড়াছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, অংপ্রু মারমা, বিম্বিসার খীসা, সম্ভুমিত্র বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করে শিক্ষকদের রাজপথে দাঁড়ানোর সময় এখন নয়। তবু শিক্ষক হত্যার প্রতিবাদ করতে গিয়ে তাঁরা তা করতে বাধ্য হয়েছেন।
মানিকছড়িতে শান্তিপূর্ণ হরতাল পালিত
আওয়ামী লীগের নেতা ও শিক্ষক চিংসামং চৌধুরী হত্যার প্রতিবাদে মানিকছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে উপজেলা সদরে খণ্ড খণ্ড মিছিল হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত শনিবার রাতে মানিকছড়ি উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে চিংসামং চৌধুরী নিহত হন।