শিক্ষক হত্যার বিচার চাইলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন হচ্ছেন। পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য করার জন্য জাতির বিবেক শিক্ষকদের হত্যা করা হচ্ছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করে হত্যার মিছিল থামাতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এস এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে মৌলবাদী জঙ্গিরা দেশে গুপ্তহত্যা, গুম ও খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। তাঁরা একের পর এক বুদ্ধিজীবীদের হত্যা করে চলেছে। অনতিবিলম্বে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, সহসভাপতি শ্যামল রঞ্জন চক্রবর্তী, মইনুল ইসলাম, অরুণ কুমার দেব, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী।