শিক্ষককে অস্ত্রের ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর!
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুর্গাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বাবুল মিয়াকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচজনের বিরুদ্ধে ওই শিক্ষক ১১ জুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিভাবক, এলাকার কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী ওই শিক্ষক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধ চলছে। এ অবস্থায় সম্প্রতি বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠিত হয়। এ কমিটিতে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বাবুল শিক্ষক প্রতিনিধি মনোনীত হন। এই কমিটির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে এলাকার দুটি পক্ষ। কমিটিতে আসতে না পেরে একটি পক্ষ বাবুলকে কমিটি থেকে পদত্যাগ করার জন্য চাপ দেয়। তিনি পদত্যাগ করতে অনীহা প্রকাশ করলে ৯ জুনদুপুরে দুর্গাপুরবাজারে ওই পক্ষের হাবিবুর রহমান, তরিকুল ইসলাম, মুনমুন মিয়া, জাহিদ হাসান, মওদুদ আলীসহ কয়েকজন শিক্ষককে একটি দোকানে আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।
শিক্ষক বাবুল বলেন, ‘জোর করে স্বাক্ষর গ্রহণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পর থেকে আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রভাবশালীরা। এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
দুর্গাপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম বলেন, অ্যাডহক কমিটির যেকোনো সদস্য পদত্যাগ করলে কমিটি অকার্যকর হবে, এটা ভেবেই ওই শিক্ষক প্রতিনিধির পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। একটি প্রভাবশালী মহল বিদ্যালয়টির শিক্ষা ও উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তারা পেশিশক্তির জোরে শিক্ষক ও অভিভাবকদের লাঞ্ছিত করছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শাহ ওয়াহেদুজ্জামান বলেন, ‘বাবুলকে প্রাণনাশের হুমকি ও পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেওয়ার ঘটনায় আমরা আতঙ্কিত।’
অভিযুক্ত হাবিবুর, তরিকুল, মুনমুন, জাহিদ ও মওদুদ অনেকটা অভিন্ন সুরে বলেন, ‘আমরা শিক্ষক প্রতিনিধির স্বাক্ষর নিইনি। কাউকে হুমকিও দিইনি।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘জিডির সূত্র ধরে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তার জন্য ওই শিক্ষক আমাদের নজরদারির মধ্যে রয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন-অর-রশীদ বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।