শিক্ষককে অ্যাসিড ছোড়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একটি বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের ওপর এক ব্যক্তি অ্যাসিড ছোড়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষক গতকাল রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ওই শিক্ষক একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাঁকে এক সপ্তাহ ধরে উত্ত্যক্ত করছিলেন ওই ইউনিয়নের এক ব্যক্তি। গতকাল সকালে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। বাড়ির উঠানে গেলে পাশের বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তি তাঁকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেন। এরপর ওই ব্যক্তি হাতে থাকা একটি বোতল থেকে তাঁকে অ্যাসিড ছুড়ে মারতে উদ্যত হন। এ সময় ওই শিক্ষক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরে তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সেখানে যায়। কিন্তু ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
শিক্ষকের বাবা বলেন, তাঁর মেয়েকে ওই যুবকটি উত্ত্যক্ত করছিলেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তবে মুঠোফোনে ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সাজানো।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ঘটনাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। এ ঘটনায় তিনি শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।