শিক্ষককে কুপিয়ে জখম করলেন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত শিক্ষক নিয়াজ আহমদ
আহত শিক্ষক নিয়াজ আহমদ

বিশ্ববিদ্যালয় শিক্ষককে তাঁর দপ্তরে ঢুকে কুপিয়ে গুরুতর জখম করেছেন একজন শিক্ষার্থী। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত অধ্যাপক নিয়াজ আহমেদ এই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান। হামলাকারী একই বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ওয়েস আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থী শিক্ষককে একা পেয়ে তাঁর দপ্তরে ঢুকেই রামদা ও ছোরা দিয়ে অতর্কিত কোপাতে
থাকেন। এ সময় ওই শিক্ষক দপ্তর থেকে বের হয়ে দৌড়ে পাশের অর্থনীতি বিভাগে আশ্রয় নেন। তাঁর মাথা ও দুই হাত দিয়ে তখন রক্ত ঝরছিল। ওয়েস রামদা ও ছুরি উঁচিয়ে সেখানে গিয়েও আক্রমণ চালানোর চেষ্টা করলে ওই বিভাগের দরজা বন্ধ করে দেওয়া হয়।
অধ্যাপক নিয়াজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জানে আলম প্রথম আলোকে বলেন, শিক্ষকের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন জায়গায় কাটা জখম পাওয়া গেছে। মাথায়, ঘাড়ে ও কানে ২৫টি সেলাই দিতে হয়েছে। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা হামলাকারী ওয়েস আহমদকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ জানিয়েছে, তাঁর কাছে একটি রামদা, একটি ছোরা ও কিছু পেট্রল পাওয়া গেছে। শিক্ষার্থীদের পিটুনিতে আহত হওয়ায় ওয়েসকেও ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হামলাকারী শিক্ষার্থী ওয়েস আহমদের বাসা শহরেই। হামলার কারণ সম্পর্কে তাঁর সহপাঠীরাও কিছু বলতে পারছেন না। তবে বুধবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ওয়েস তাঁর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নানা হতাশার কথা তুলে ধরেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকদের বিরুদ্ধেও।
যোগাযোগ করা হলে মনোরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল বলেন, হতাশা সহিংসতাকে উসকে দেয়। ছেলেটি তাঁর ফেসবুক স্ট্যাটাসে যেভাবে পরিবার, বন্ধু, সমাজ, বিশ্ববিদ্যালয়—সবাইকে দোষারোপ করে হতাশা প্রকাশ করেছে, তাতে মনে হচ্ছে, তাঁর চিন্তা প্রক্রিয়ায় বৈকল্য সৃষ্টি হয়েছে। এটা বড় ধরনের মানসিক রোগের একটা উপসর্গ হতে পারে।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, ঠিক কী কারণে হামলা হলো, ওয়েস আহমদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে শিক্ষক আক্রান্ত হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ করেন। একপর্যায়ে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া হামলাকারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
এর আধা ঘণ্টা পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি দল কিছু সাধারণ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে হামলা-ভাঙচুর চালায়। পরীক্ষা চলাকালে বিভিন্ন বিভাগের কক্ষ, পরীক্ষাগার ও শিক্ষকদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে তারা। এতে একজন শিক্ষক আহত হন।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধ্যাপক নিয়াজ শিক্ষার্থী ও সহকর্মীদের বলেন, ছেলেটি দপ্তরের সামনে দিয়ে বাথরুমে ঢোকে। সেখান থেকে বের হয়েই আক্রমণ চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন, বর্তমান উপাচার্য আমিনুল হক ভূইয়া, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। উপাচার্য বলেন, এভাবে হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম ঘটেছে। নির্বাহী আদেশে ওই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের তাণ্ডব: দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার জন্য হামলা ও ভাঙচুর চালান। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষক মো. আতিউল্লাহর গাড়ি ভাঙচুর করা হয়। একই সময় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি), ভূগোল ও পরিবেশ, ইংরেজি, স্থাপত্যসহ কয়েকটি বিভাগে পরীক্ষা চলাকালে হামলা চালানো হয়। স্থাপত্য বিভাগে দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের জুরিবোর্ড চলছিল। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের কয়েকজন জানান, ১০-১২ জনের একটি দল অতর্কিত এসে ভাঙচুর চালায়। এ সময় তাঁরা শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। নির্বিচারে ভাঙচুর করে পরীক্ষার মূল উপাত্ত ও নকশা নিয়ে চলে যায়। শিক্ষার্থীদের মডেলগুলো চেয়ার ও লাঠি দিয়ে ভেঙে দেয় তারা।
জিইবি বিভাগের শিক্ষকেরা জানান, সকাল নয়টা থেকে পরীক্ষা চলছিল। স্নাতকোত্তর শ্রেণির থিসিস ফাইনাল প্রেজেন্টেশন চলছিল। তখন ১০-১৫ জন পরীক্ষার হলে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রজেক্টর, স্ক্রিনসহ চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি অঞ্জন রায় প্রথম আলোকে বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জনের পক্ষে ছিল। এ বিষয়টি না মানায় হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগ দলগতভাবে সম্পৃক্ত নয়।