শিক্ষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২
বগুড়ার ধুনট উপজেলায় গত রোববার রাতে শহিদুল ইসলাম (৩০) নামের এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শহিদুলের স্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চালাপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে সীমা খাতুনের সঙ্গে খাদুলী গ্রামের রহমত আলীর ছেলে খোরশেদ আলীরদীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে সীমার লেখাপড়ার খরচসহ তাঁকে শিক্ষক পদে চাকরি নিয়ে দেন খোরশেদ। প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে সীমার সঙ্গে রুদ্রবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজমল হোসেনের ছেলে পাশের পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামের বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হন খোরশেদ। রোববার রাতে শহিদুল ও সীমা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে খোরশেদসহ কয়েকজন সিঁধ কেটে ওই ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁরা শহিদুলকে ছুরি দিয়েগলা কেটে হত্যা করে পালিয়ে যান। এ সময় সীমার চিৎকারে বাড়ির লোকজন এসে শহিদুলের গলাকাটা মৃতদেহ খাটের ওপর দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে শহিদুলের লাশ উদ্ধার করে। গতকাল সোমবার দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রোববার রাতে সীমাকে ও গতকাল বেলা দুইটার দিকে খোরশেদের বন্ধুর বাবা শফিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
শহিদুলের মা নূরজাহান খাতুন কাঁদতে কাঁদতে পুলিশকে বলেন, ‘আগে জানলে ওই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়া দিলাম আনিনা। এহোন আমাইগরে ভুলে ছেলেরে হারাইলাম। ওই মাইয়ারে আপনেরা ছাড়বেন না।’
থানাহাজতে থাকা সীমা দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি তাঁর স্বামীর হত্যাকারীকে চিনতে পারেননি। আর খোরশেদ তাঁর শুধু পরিচিত একজন বন্ধু ছিল।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের আগে খোরশেদের সঙ্গে সীমার প্রেম ছিল। পরে সীমার সঙ্গে শহিদুলের বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হয়ে খোরশেদ ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে সীমার সহযোগিতায় শহিদুলকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে খোরশেদ ও তাঁর সহযোগীরা পলাতক। তাঁদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার:সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল সোমবার হাফিজুর রহমান (৩৫) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের বাসিন্দা ছিলেন।
হাফিজুরের পরিবার ও রায়গঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর গ্রামের মাঠে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ তাঁর অটোরিকশাটি রায়গঞ্জ পৌরসভার ধানগড়া ফুলজোড় নদীর পূর্ব পাড় থেকে উদ্ধার করেছে।