শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মহিপুর গ্রামে গত সোমবার স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহত শিক্ষকের নাম গোলাপী রানী (৩০)। তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাদুল্যাপুর থানা-পুলিশ ও নিহত শিক্ষকের পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে মহিপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অতুল কুমারের সঙ্গে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকার গোলাপী রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য গোলাপীর ওপর নির্যাতন করতেন তাঁর স্বামী ও পরিবারের লোকজন। সোমবার বিকেলে অতুল যৌতুকের টাকা আনতে স্ত্রীকে তাঁর বাবার বাড়ি যেতে বলেন। এতে রাজি না হওয়ায় অতুল কুমার ও তাঁর পরিবারের সদস্যরা গোলাপীকে মারধর করেন। ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই গোলাপীর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল গোলাপীর বড়ভাই রতন সরকার বাদী হয়ে অতুল কুমারসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী ও বাড়ির লোকজন পলাতক। অতুল কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে তাঁর ভাই মনোরঞ্জন চন্দ্র বলেন, যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ সঠিক নয়। গোলাপী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।