শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গত শনিবার একজন প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে কয়েক ব্যক্তি। ঘটনার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
আহত শিক্ষকের নাম জাকির হোসেন মোল্লা। তিনি সদর উপজেলার মূলঘর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আহত ব্যক্তির বড় ভাই শহিদ মোল্লা বলেন, জাকির মাথার পেছনের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বারবার বমি করছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঋণের টাকা ফেরত না দেওয়া নিয়ে এলাকার দুই ব্যক্তির মধ্যে বিবাদ শুরু হয়। সম্প্রতি ঋণদাতা গ্রহীতার মোটরসাইকেলটি আটকে দেন। একপর্যায়ে দুজনের মধ্যে সমঝোতা করেন শিক্ষক জাকির। সমঝোতার শর্ত অনুযায়ী, মোটরসাইকেলটি জাকিরের জিম্মায় ছিল। টাকা পরিশোধ করে সেটি নেওয়ার কথা ঋণগ্রহীতার। কিন্তু টাকা পরিশোধ ছাড়াই ঋণগ্রহীতার পক্ষের পারদর্পনারায়ণপুর গ্রামের বাসিন্দা আসাদুল মোল্লা জাকিরের কাছে মোটরসাইকেলটি ফেরত চান। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন তাঁরা।
শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে নিজের পারসাদীপুর গ্রামে ফেরার সময় জাকিরের গতিরোধ করেন আসাদুল্লাসহ ১০ থেকে ১৫ জন। তাঁরা জাকিরকে বেদম পিটুনি দেন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার প্রতিবাদে গতকাল সকালে মূলঘর উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবকসহ এলাকার অনেকে অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আহত ব্যক্তির ভাই মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর মোল্লা, ভগীরথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, কোলা সদরউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, আইনজীবী স্বপন সরকার প্রমুখ।