শিক্ষককে পেটানোর অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরে এবার প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে ২ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন (২৯) উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি বাদী হয়ে মারধরের অভিযোগ এনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বারেক হাওলাদারকে আসামি করে ৪ এপ্রিল দুপুরে রাজাপুর থানায় একটি মামলা করেছেন।

ভুক্তভোগী শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ২ এপ্রিল দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রথম পালার পাঠদান শেষে তিনি বিদ্যালয়ের পাশে আবদুল জব্বারের চায়ের দোকানে যান। সেখান বারেক হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুই ব্যক্তি কোনো কিছু না বলেই তাঁর পথ রোধ করে উপর্যুপরি কিলঘুষি মারেন এবং পিটিয়ে জখম করেন। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

মারধরের কারণ জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ‘বারেক হাওলাদার কয়েক দিন আগে আমার কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। আমি তাঁকে টাকা না দিয়ে অপর এক দোকানদারকে টাকা ধার দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এর জের ধরেই তিনি এ ঘটনা ঘটান।’

এ বিষয়ে বারেক হাওলাদার গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘জব্বারের চায়ের দোকানে গিয়ে দেখি গিয়াস সেখানে বসে আছেন। তখন তাঁর কাছে জানতে চাই স্কুল রেখে এখানে কেন বসে আছেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে বাজে কথা বললে আমিও ক্ষিপ্ত হয়ে বলি, এখন তোকে মারা দরকার। এ সময় স্থানীয়রা আমাকে ধরে অন্যত্র সরিয়ে দেন। আমি তাঁকে মারধর করিনি।’

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় ৪ এপ্রিল শিক্ষক নিজেই বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২৬ মার্চ ঝালকাঠির রাজাপুরে সাতুরিয়া এমএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকনকে মারধর করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ও তাঁর দলবল। এ ঘটনায় ওই শিক্ষক রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাপে তিনি সেই জিডি পরবর্তী সময়ে প্রত্যাহার করে নেন। এ নিয়ে প্রথম আলোয় ২৮ মার্চ ‘ঝালকাঠিতে প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামী লীগের নেতা’ এবং ৩১ মার্চ ‘আওয়ামী লীগ নেতাদের “চাপে” জিডি তুলে নিলেন শিক্ষক ফজলুল’ শিরোনামে খবর ছাপা হয়।