শিক্ষককে পেটালেন কলেজছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি না দেওয়ায় যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকার ড. রওশন আলী কলেজের এক শিক্ষককে পিটিয়েছেন প্রতিষ্ঠানের এক ছাত্র (৩০)। শিক্ষককে রক্ষা করতে গেলে কলেজের আরও দুই শিক্ষক লাঞ্ছনার শিকার হন। গতকাল রোববার বেলা ১১টার দিকে কলেজের মাঠে সবার সামনে এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পরপর একাডেমিক কাউন্সিলের তাৎক্ষণিক বৈঠকে ওই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার ও থানায় মামলা করার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই ছাত্রের অভিভাবকেরা সিদ্ধান্ত বাস্তবায়ন না করতে কলেজে গিয়ে শিক্ষকদের চাপ দেয়। পরে ওই ছাত্র লাঞ্ছনার শিকার শিক্ষকদের কাছে ক্ষমা চাইলে বিষয়টির মীমাংসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. শাহজালাল পারভেজ প্রথম আলোকে বলেন, সামাজিক চাপের কারণে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হলেও ওই ছাত্রের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের পাঠদানব্যবস্থা ঠিক রাখতে বেলা একটার আগে যেকোনো ছাত্রের কলেজ ক্যাম্পাস ত্যাগে নিধেষাজ্ঞা রয়েছে। বিষয়টি দেখভালের জন্যে দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া আছে। গত শনিবার কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র রবিউল ইসলাম নির্ধারিত সময়ের আগে বাড়ি যাওয়ার জন্য এক শিক্ষকের কাছে ছুটি চাইলে তিনি দেননি। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। গতকাল বেলা ১১টার দিকে দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষক কলেজের মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন। আকস্মিকভাবে রবিউল সেখানে গিয়ে এক শিক্ষককে কিল-ঘুষি মারতে থাকেন। অন্য দুই শিক্ষক তাঁকে রক্ষা করতে গেলে রবিউল তাঁদেরও লাঞ্ছিত করেন।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে অধ্যক্ষের কার্যালয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকের পর ওই ছাত্র শিক্ষকদের কাছে ক্ষমা চান।