শিক্ষককে মারধর করেও গ্রেপ্তার হননি ছাত্রলীগের কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে আজ রোববার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, মামলার আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষকেরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশীদকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। সে সময় বিভাগের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমারিও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দাশ, দীপংকর ও দিদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করে ওই রাতেই দৌলতপুর থানায় মামলা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান।
আজ বিকেলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুপুর দুইটার দিকেও অভিযান চালানো হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কলেজের অধ্যক্ষ গুলশান আরা বেগম আজ বিকেলে বলেন, শিক্ষককে মারধরের প্রতিবাদে বিএল কলেজশিক্ষক পরিষদ আগামীকাল সোমবার থেকে আসামিদের গ্রেপ্তার করা না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।
এদিকে, কাল থেকে খুলনার সব সরকারি কলেজের শিক্ষকেরা ক্লাস বর্জন করবেন কি না, সে বিষয়ে আজ সন্ধ্যায় বিসিএস সাধারণ শিক্ষক পরিষদ সভায় বসবে।
মহানগর ছাত্রলীগ এ ঘটনায় কলেজ শাখার ছয় নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। এঁরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল এবং কর্মী আবদুল্লাহ, দীপংকর, দিদার, তরিকুল ও ইমরান। বৃহস্পতিবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তাঁরা।