শিক্ষককে মারধর ছাত্রলীগের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচির শুরুতেই শিক্ষককে মারধর করলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের স্বঘোষিত কমিটির নেতা-কর্মীরা। গতকাল বুধবার তাঁরা কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমানকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ও এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। এ ছাড়া শিক্ষকেরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারে কাছে স্মারকলিপি দিয়েছেন। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম সরকারি কলেজের কয়েকজন শিক্ষক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের স্বঘোষিত কমিটির সভাপতি মমিনুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিতে জোর করে শিক্ষার্থীদের মিছিলে আনার চেষ্টা করেন। শিক্ষার্থীরা ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের কাজে ব্যস্ত থাকায় মিছিলে যেতে অপারগতা প্রকাশ করেন। এ সময় ওই নেতা-কর্মীরা ফরম পূরণের কক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান বাধা দেন। এ সময় রমজান আলীর নেতৃত্বে ছাত্রলীগের চার-পাঁচজন তাঁকে কিল-ঘুষি-লাথি মারেন। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে মারধরকারীরা পালিয়ে যান।
এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন। পরে শিক্ষক নির্যাতনের বিচার চেয়ে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনসহ নানা কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষককে মারধরের প্রতিবাদে অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে গতকাল দুপুরে শিক্ষক পরিষদের জরুরি সভা হয়। সভায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসক এ বি এম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহর কাছে পৃথক দুটি স্মারকলিপি দেন।
কলেজের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন বলেন, ‘শহরের পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার রমজান আলীর নেতৃত্বে মিজানুর রহমানের ওপর হামলা চালান ওই নেতা-কর্মীরা। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা মামলা করেছি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত এ কলেজের শিক্ষার্থীদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
তবে মমিনুর রহমান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, কেন্দ্রঘোষিত ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচি চলছিল। এ সময় কলেজের ভেতরে শিক্ষকের ওপর কে বা কারা হামলা চালিয়েছেন। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া জানান, এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ডিগ্রি শেষ বর্ষের আবু সাঈদ ও আবু তাহের এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের মামনুর রশিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।