শিক্ষককে রড দিয়ে পেটাল বখাটেরা
রাজবাড়ীতে গত মঙ্গলবার সন্ধ্যায় একজন স্কুলশিক্ষককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রতিবাদ করেন তিনি।
আহত শিক্ষকের নাম আমজাদ হোসেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। বাড়ি খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়ায়। বাবার নাম হাবিবুর রহমান কাজী।
তমিজউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি উল্লাহ বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে এলাকার কিছু বখাটে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ (ইভ টিজিং) করে। বিষয়টি দেখতে পেয়ে শিক্ষক আমজাদ হোসেন ওই বখাটেদের শাসন করেন। একপর্যায়ে বখাটেরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শিক্ষক আমজাদ মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। খানখানাপুরের কুণ্ডুপাড়া এলাকায় পৌঁছালে বখাটেরা তাঁর পথরোধ করে। তারা লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে শিক্ষক আমজাদকে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
আহত আমজাদ হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পিটুনিতে আমজাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। পাশাপাশি তাঁর বাঁ চোখের আঘাতটা গুরুতর বলে জানিয়েছেন সঙ্গে থাকা সহকর্মীরা।
সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির নেতা শাজাহান মুন্সী গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমরা আহত আমজাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। তবে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে শিগগিরই কর্মসূচি দেব।’
খানখানাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ভালো শিক্ষক হিসেবে আমজাদের এলাকায় সুনাম রয়েছে। এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। তিনিও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।