শিক্ষককে লাঞ্ছিত করায় দুই কর্মকর্তাকে বরখাস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণকারী দুই কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বরিশাল বিসিএস সাধারণ শিক্ষক সমিতির শিক্ষকেরা। গতকাল সোমবার তাঁরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
অভিযোগ পাওয়া গেছে, গত ৯ এপ্রিল ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক মোন্তাজ উদ্দিনের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন হাওলাদার।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন শিক্ষক নেতারা। সেখানে তাঁরা লিখিত বক্তব্যে বলেন, ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক মোন্তাজ উদ্দিনের সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অশোভন আচরণ করেন। হলের মধ্যে মুঠোফোনে কথা বলার প্রতিবাদ করায় সহকারী কমিশনার তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে ইউএনও মনির হোসেন এসে অধ্যক্ষের কক্ষে মোন্তাজ উদ্দিনকে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। একপর্যায়ে তাঁকে পরীক্ষার হলে নিয়ে পরীক্ষার্থীদের সামনে পুনরায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়, যা শিক্ষকদের জন্য চরম লজ্জা ও ঘৃণার। জ্যেষ্ঠতার বিচারে ওই শিক্ষক সহকারী ভূমি কর্মকর্তার চেয়ে বড়। অবিলম্বে ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করতে হবে, নইলে সারা দেশের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।