শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ইউএনওর কার্যালয়-সংলগ্ন রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত শিক্ষক আনারুল ইসলাম অভিযোগ করেন, বিদ্যালয়ের একজন করণিককে নিয়ে তিনি এসএসসির (ভকেশনাল) ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র আনতে যান। ওই করণিক প্রশ্নগুলো নিয়ে এসে তাঁর (আনারুল) কাছে দেওয়ার পর তিনি সেগুলো ইউএনও মামুনুর রশিদের কাছে উপস্থাপন করেন। এ সময় দেখা যায়, ভুলক্রমে ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্নপত্র বের হয়েছে। ভুল সেট আসায় ক্ষিপ্ত হয়ে ইউএনও তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং গলা ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেন। এ সময় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিব ও পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুজ্জামান ও অন্যান্য কেন্দ্রসচিবেরা উপস্থিত ছিলেন।
হামিদুজ্জামান বলেন, একজন শিক্ষককে এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনায় উপজেলার শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি অবহিত করার জন্য গতকাল বিকেলে শিক্ষকেরা এলাকার সাংসদ গোলাম রাব্বানী বিশ্বাসের বাসভবনে যান।
ইউএনও মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র নিয়ে যাওয়ার দায়িত্ব প্রধান শিক্ষকের। এর পরিবর্তে একজন সহকারী শিক্ষক এসেছেন। তার ওপর তিনি ভুল সেটের প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিলেন। এ জন্য তাঁর জেল-জরিমানা হওয়া উচিত ছিল, কিন্তু তাঁকে কেবল বকা দেওয়া হয়েছে। গালিগালাজ ও ধাক্কা দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।