কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্যের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।
কলেজের অন্তত ১০ জন শিক্ষক জানান, দেড় বছর ধরে আড্ডা ডিগ্রি কলেজের শিক্ষকেরা অভ্যন্তরীণ খাত থেকে কোনো টাকা পাচ্ছেন না। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল পাশা পাটোয়ারীর কক্ষে গিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে বসা পরিচালনা পর্ষদের সদস্য ও আড্ডা গ্রামের বাসিন্দা মো. আবদুর রশিদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পারভেজ মিয়ানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আবদুর রশিদ ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের ৪১ জন শিক্ষকের মধ্যে ৩৮ জন বিষয়টি পরিচালনা পর্ষদের সভাপতি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলনকে অবহিত করেন।
এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার সকাল ১০টায় কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেন। সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষকে কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে শিক্ষক মিলনায়তনেও তালা দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষকেরা কলেজের মাঠে দাঁড়িয়ে থাকেন।
খবর পেয়ে দুপুর ১২টায় বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন মিয়া ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা কলেজে যান। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে কক্ষ থেকে বের করে আনেন। পরে তাঁদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হয়। কোনো ধরনের আলোচনা ছাড়াই ওই বৈঠক শেষ হয়।
মো. আবদুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই শিক্ষককে আমি কোনো চড় দেইনি। তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে।’
সাংসদ অধ্যাপক নুরুল ইসলাম মিলন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। শিক্ষার্থীদের আন্দোলন থামাতে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।’