শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালীতে গতকাল শনিবার এক শিক্ষককে বাসের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় দুই ঘণ্টা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
এনায়েতপুর থানার পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষার্থী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর থেকে তিথি এন্টারপ্রাইজের একটি বাসে করে বিদ্যালয়ে আসছিলেন। বাস থেকে নামানোর বিষয় নিয়ে বাসের ভেতর তত্ত্বাবধায়কের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের তত্ত্বাবধায়ক ও সহকারী তাঁকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের ওপর অবস্থান নেয়। তারা ওই তত্ত্বাবধায়কের শাস্তি দাবি করে সড়ক অবরোধ করে। খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সালিস বৈঠক করে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়। প্রায় দুই ঘণ্টা পর সড়কে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।