রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী হুরুন্নেছা স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়নি। গত মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক ক্লাস চলাকালে শিক্ষার্থীদের ডেকে ডেকে পুরস্কার দিচ্ছিলেন। এতে করে শ্রেণিকক্ষগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এভাবে শিক্ষার্থীদের পুরস্কার দিতে আপত্তি জানান সহকারী শিক্ষক আসাদুজ্জামান রাজা। এতে প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক ওই সহকারী শিক্ষককে থাপ্পড় মারেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মিছিল করে এ ঘটনার প্রতিবাদ জানায়। এ নিয়ে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে বৈঠক করে বিদ্যালয় পরিচালনা কমিটি। কমিটির আলোচনা শেষে প্রধান শিক্ষককে সাত দিনের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘আমাকে সাত দিনের বরখাস্ত করা হয়নি। আমি সাত দিনের জন্য ছুটি নিয়েছি। ওই শিক্ষকের সঙ্গে শুধু কথা-কাটাকাটি বা ঝগড়াঝাঁটি হয়েছে। তাঁকে থাপ্পড় দেওয়া হয়নি।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী হারুন অর রশিদ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। কমিটির সদস্যদের মতামত অনুযায়ী তাঁকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।
কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে জানাতে পারব।’