শিক্ষককে লাঠিপেটা, বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে বাগানের আম পাড়তে বাধা দেওয়ায় শিক্ষক তাজকুল ইসলামকে (৩৭) লাঠিপেটা ও তাঁর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান চাপুল শাহর বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় কুতুবপুর অরুণনেছা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই শিক্ষক ও তাঁর স্ত্রী সান্ত্বনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত তাজকুল ইসলাম অরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, তাজকুল ইসলামের বাবা আবদুল হান্নান ৬৫ শতক জমি কয়েক বছর ধরে ভোগদখল করে আসছেন। তিনি সাত বছর আগে ওই জমিতে আমের বাগান গড়ে তোলেন। বাগানে চলতি মৌসুমে প্রচুর আম ধরেছে। এলাকার প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান চাপুল শাহ ওই আমবাগানের কিছু জায়গা নিজের দাবি করে গত রোববার সন্ধ্যায় দলবল নিয়ে আম পাড়তে যান। এতে বাধা দেন তাজকুল। এতে ক্ষিপ্ত হয়ে চাপুল শাহ ও তাঁর লোকজন তাজকুলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এবং তাঁর বাড়িতেও হামলা চালান। হামলায় আরও আহত হন তাজকুলের স্ত্রী সান্ত্বনা খাতুন, ছোট দুই ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম ও আরিফা বেগম। তাজকুল ও তাঁর স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাজকুল ইসলামের বাবা আবদুল হান্নান অভিযোগ করেন, ‘ওই জমি পৈতৃক সূত্রে আমার ভোগদখলীয়। এখন চাপুল শাহ ভুয়া কাগজ তৈরির পর জমির অর্ধেক অংশ নিজের দাবি করে আমার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারপিট করেছে।’

তাজকুল ইসলাম বলেন, ‘আমাদের বাগানের অপরিপক্ব আম চাপুল শাহর নেতৃত্বে ৭-৮ জন ছেঁড়া শুরু করলে আমি তাতে বাধা দিই। তারা আমাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়েছে।’

চাপুল শাহ্ বলেন, ‘ওই জমি আমার। আবদুল হান্নান সেই জমি দখল করে খাচ্ছেন। তাঁর কোনো কাগজপত্র নেই। তাজকুল আমার মাকে নিয়ে গালি দেওয়ায় আমি তাঁর গালে দুই-একটা থাপ্পড় দিয়েছি। কারও বাড়িতে হামলা করিনি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব উদ দৌলা বলেন, শিক্ষক তাজকুল ও তাঁর স্ত্রীর ঘাড়, মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁদের সুস্থ হতে একটু সময় লাগবে।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ওই ঘটনায় নির্যাতিত শিক্ষকের বাবা আবদুল হান্নান বাদী হয়ে চাপুল শাহসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’