শিক্ষককে শারীরিক লাঞ্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত আটটার দিকে উপজেলার বৈরাগীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়ে বগুড়ার সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার জন্য গেছেন। এ ঘটনায় আহত শিক্ষক দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছে।
কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরিচা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। রাত আটটার দিকে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সংরক্ষিত চেয়ারে যুবলীগের নেতা-কর্মীরা বসে পড়েন। সে সময় প্রধান শিক্ষক তাঁদের ওই চেয়ার দুটিতে বসতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিদ্যালয়েরই দশম শ্রেণির ছাত্র সেলিম খান, স্থানীয় আমিরুল ইসলাম ও উজ্জ্বল নামের দুজন মাসুদ রানাকে মারধর করতে থাকেন।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।