শিক্ষককে সাংসদের 'শাসন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকির এক শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মারধরের শিকার হওয়া গৌরীপুর পৌর শহরের প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে সাংসদ তাঁকে ‘শাসন’ করেছেন বলে দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, মারধরের শিকার ওই শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কর্মরত এক নারীকে নিয়ে সাংসদের কাছে প্রায়ই নালিশ করতেন। তিনি বলতেন, ওই নারীর পরিবার বিএনপির সমর্থক এবং কার্যালয়ে বসে তিনি (নারী) প্রায়ই সাংসদের সমালোচনা করেন।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ রোববার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ মজিবুর রহমান ফকির ওই শিক্ষককে নিয়ে গৌরীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে যান। এরপর সাংসদ ওই শিক্ষককে ওই নারী কর্মীর সামনে নিয়ে এত দিন ধরে করা অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে বলেন। কিন্তু ওই শিক্ষক এ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। এতে সাংসদ ক্ষেপে গিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠে ওই শিক্ষককে মারধর করেন।

জানতে চাইলে ওই শিক্ষক প্রথমে বিষয়টি অস্বীকার করে বলেন, সাংসদ আজ গৌরীপুর আসেননি। পরে প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের নাম উল্লেখ করে সাংসদ গৌরীপুর গিয়েছিলেন বললে তিনি বলেন, ‘আমি ছাত্রজীবনে ছাত্রলীগের উপজেলার সভাপতি ও একসময় যুবলীগ নেতা ছিলাম। তাই স্যার (সাংসদ) আমার কাছে উপজেলা প্রাথমিক শিক্ষার খোঁজখবর জানতে চান। কিন্তু এখানকার প্রাথমিক শিক্ষা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তিনি আমাকে “শাসন” করেছেন।’

ওই শিক্ষক ১৯৭৯ সালে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম বলেন, ‘আমি তখন কার্যালয়ে ছিলাম। সাংসদ আবুল কালামকে মারধর করেছেন শুনেছি। তবে কেন তা জানি না।’

সাংসদ মজিবুর রহমান ফকির মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যে ভিকটিম সে যদি বলে তাকে শাসন করেছি তাহলে তো আর কোনো কথা থাকে না। আমি তাকে শাসন করেছি।’