রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় শিক্ষক সমিতির আমরণ অনশন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। হামলার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কার্মচারীরা রাস্তায় নেমে আসেন। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১১ জন আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের কাছে ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আসছিল শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির অভিযোগ, উপাচার্যের লেলিয়ে দেওয়া বহিরাগত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে ক্যাম্পাসের বাইরে থেকে হঠাৎ একদল সন্ত্রাসী এসে কর্মসূচিস্থলের শামিয়ানা ভেঙে ফেলে। নষ্ট করে ফেলে আন্দোলনকারীদের বিছানা ও কাপড়চোপড়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তিনজন শিক্ষককে মারধর করে। এই তিন শিক্ষক হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফরিদ-উল-ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের নূরুল হুদা ও গাজী মাজহারুল আনোয়ার।
দুর্বৃত্তদের হামলায় শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পার্কের মোড়ে মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাত পৌনে আটটার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বলে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ বেধড়ক লাঠিপেটা ও একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটও ছোড়ে।
সংঘর্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমার প্রধান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, শিক্ষার্থী শাহজাহান আলী ও ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ আমরণ অনশনে সন্ত্রাসীদের হামলায় উপাচার্যের যোগসূত্র রয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, ‘ঘটনা শুনেছি। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
উপচার্য এ কে এম নূর-উন-নবী ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক বন্ধ করে দেন। জানমালের নিরাপত্তায় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে গত বছরের ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফার আন্দোলনের ডাক দিয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা মেরে দেন তাঁরা। এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।