রাজশাহীতে কথিত জনযুদ্ধ বা লাল বাহিনীর কমান্ডারের নামে চাঁদা দাবি অব্যাহত রয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সফিকুন্নবী সামাদীর কাছে চাঁদা চাওয়া হয়েছে। তিনি চাঁদা দিতে না চাওয়ায় তাঁর সন্তানের প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই শিক্ষক গতকাল রোববার নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ৮টা ২৯ মিনিটে তাঁর মুঠোফোন নম্বরে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে বিডিআর সেলিম পরিচয় দিয়ে একজন তার বসের সঙ্গে কথা বলতে বলে। এরপর যাকে ফোন দেওয়া হয় সে নিজেকে ‘জনযুদ্ধের কমান্ডার’ পরিচয় দিয়ে বলে, তার নাম মেজর জিয়া। তার পার্টির কর্মীরা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছে। ভারতে তাদের চিকিৎসা চলছে। এই চিকিৎসার খরচ হিসাবে তিন লাখ টাকা দিতে হবে।
জিডিতে বলা হয়, একপর্যায়ে দাবিকৃত চাঁদা তিন লাখ টাকা থেকে ৫০ হাজার টাকায় নেমে আসে। একজন শিক্ষকের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয় জানালে মেজর জিয়া শিক্ষক সফিকুন্নবীর সন্তানের প্রাণনাশের হুমকি দেয়।
এর আগে শনিবার সন্ধ্যায় একই নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক এস এম আবু বকরকে কল করে একই পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নাট্যকার মলয় ভৌমিককে কল করে ১০ মিনিটের মধ্যে বিকাশ করে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। আগের দিন শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল রায়কে একই নম্বর থেকে কল করে শিকদার বাহিনীর কমান্ডার পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়। এরও আগে মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়। তখনো শিক্ষকেরা থানায় জিডি করেছিলেন।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, তিনি নতুন এসেছেন। একজন শিক্ষকের জিডি পেয়েছেন। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।