শিক্ষকদের টাকার বিনিময়ে বদলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী টাকার বিনিময়ে শিক্ষকদের বদলি করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একজন শিক্ষক এই মাসের শুরুতে জেলা প্রশাসক বরাবর মৌখিক অভিযোগ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৌর শহরে বদলির বিষয়টি সাড়ে তিন বছর ধরে বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউনিয়ন থেকে পৌর শহরে বদলি হতে এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হয়। এতে শিক্ষকেরা বদলির জন্য জেলা ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।
খরখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বদলির নীতিমালা অনুযায়ী একই পদের জন্য একাধিক প্রার্থী থাকলে তাঁদের মধ্যে চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হয়। কিন্তু তা না করে টাকার বিনিময়ে কনিষ্ঠদের বদলি করা হচ্ছে।
সদর উপজেলার এক শিক্ষকের অভিভাবক আনোয়ার হোসেন বলেন, বদলি হওয়ার জন্য ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়ার কথা ছিল। কিন্তু ২৫ মার্চ তাঁর মেয়ের বদলির জন্য আবেদনপত্রটি নিয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোখলেছ উদ্দিনের কাছে গেলে তিনি সেটি জমা নেননি।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, টাকা না দিলে কাউকে বদলি করা হয় না। টাকা দিতে না পারায় চাকরিতে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও অনেক শিক্ষকের বদলি হয়নি। এ ছাড়া প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে বদলির জন্য কমপক্ষে ৫০ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
সদর উপজেলার খরখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অভিযোগ করেন, তিনি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বদলির আবেদন করেন। সেখানে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা সুলতানাও আবেদন করেন। কিন্তু তিনি জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও নীতিমালা ভঙ্গ করে আবেদা সুলতানাকে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
একইভাবে বানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশির ভাগ বিদ্যালয়ে বদলির ক্ষেত্রেই কোনো নীতিমালা মানা হয়নি।
অভিযোগ অস্বীকার করে আবেদা সুলতানা বলেন, তিনি নিয়ম মেনেই সব কাজ করেছেন। কোনো টাকা দেননি।
টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, ‘দুটি বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার না দিয়ে কনিষ্ঠ শিক্ষকদের বদলি করা হয়েছিল। এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে জ্যেষ্ঠ শিক্ষককে বদলি করার নির্দেশ দিই। নীতিমালা অনুযায়ী বদলির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা দেখেন। তিনিই বলতে পারেন নীতিমালা ভঙ্গ করা হয়েছে কি না।’ নীতিমালা ভঙ্গের বিষয়ে কোনো আবেদনকারী অভিযোগ করলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, ‘অনিয়মের বিষয়ে একজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’