শিক্ষকদের পছন্দমতো শাখায় ভর্তি না হওয়ায় নতুন বই মেলেনি!
বগুড়ার শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির প্রায় ৪০ জন শিক্ষার্থীকে বিনা মূল্যের নতুন পাঠ্যবই দেওয়া হয়নি। শিক্ষকদের কথা অনুযায়ী কারিগরি শাখায় ভর্তি হতে রাজি না হওয়ায় তাদের বই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাত-আটজন ছাত্রীর অভিভাবক বলেন, তাঁদের সন্তানেরা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস করার পর এখন নবম শ্রেণিতে মানবিক ও বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়। অথচ ওই বিদ্যালয়ের শিক্ষকেরা জিপিএ-৫ না পাওয়া ছাত্রীদের কারিগরি শাখায় ভর্তি হতে চাপ দিচ্ছেন। কিন্তু ছাত্রীরা কারিগরি শাখায় পড়তে অনিচ্ছুক। তাই ওদের নতুন বই দেওয়া হয়নি। এই অবস্থায় সহপাঠীরা নতুন বই পেলেও এসব ছাত্রী নতুন বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত রয়েছে। তারা বাড়িতে কান্নাকাটি পর্যন্ত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একটি সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষক-রাজনীতি নিয়ে দুটি পক্ষ রয়েছে। কারিগরি শাখায় শিক্ষক আছেন সাতজন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে ওই শিক্ষকদের নিজেদের পক্ষে রাখতেই শিক্ষক-রাজনীতির অংশ হিসেবে ছাত্রীদের ওই শাখায় ভর্তি হতে চাপ দেওয়া হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১৫১ জন ছাত্রী অংশ নেয়। পাস করে ১৫০ জন। এ মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এ গ্রেড পেয়েছে ৯৬ জন।
নবম শ্রেণির ছাত্রী দীপ্তি রানী বলে, ‘আমি মানবিক শাখায় ভর্তি হতে চাই। কিন্তু স্যাররা আমাকে কারিগরি শাখায় ভর্তি হতে জোর করছেন। এ কারণে এখন পর্যন্ত আমি নতুন বই পাইনি।’
একই শ্রেণির মেজবা খাতুন বলে, ‘আমি মানবিকে ভর্তি হব। অথচ স্যাররা আমাকে কারিগরি শাখায় যেতে বলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসেবে কারিগরি শাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এ কারণে ছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের অপছন্দের বিষয়ে লেখাপড়া করতে বাধ্য করার চেষ্টা চলছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনের ওপর চাপ তৈরি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা দরকার।
বিষয়টি জানতে চাইলে নবম শ্রেণির শ্রেণিশিক্ষক নজরুল ইসলাম বলেন, যেসব ছাত্রী পরীক্ষায় জিপিএ-৪.৫-এর নিচে আছে, তাদের কারিগরি শাখায় ভর্তি করার জন্য চেষ্টা চলছে। এ কারণে প্রধান শিক্ষকের নির্দেশে মানবিকের বই দেওয়া হয়নি।
প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জিপিএ-৪.৫-এর নিচে যারা নম্বর পেয়েছে, তাদের কারিগরি শাখায় ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। সবারই নতুন বই পাওয়ার কথা। যারা বই পায়নি, শিগগিরই তাদের বই দেওয়া হবে।’
তবে ব্যবস্থাপনা কমিটির সদস্য সহিদুল ইসলাম বলেন, ‘এভাবে জোর করে ভর্তি করানোর বিষয়ে কমিটির কোনো সিদ্ধান্ত নেই। এটা অন্যায়। আমি সামনের সভায় বিষটি তুলে ধরব। অনেক ছাত্রী তার বাবা-মাকে নিয়ে কারিগরি শাখায় পড়বে না বলে আমার বাড়ি এসেও কান্নাকাটি করেছে। এর মধ্যে জিপিএ-৪.৭৫ পাওয়া ছাত্রীও আছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মোমিন মণ্ডল বলেন, ‘কাউকে জুলুম করে ভর্তি করানোটা অন্যায়। আমি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’