শিক্ষকদের বাসে হামলার ঘটনায় ৫ শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহন করা দুটি বাসে ককটেল ও পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহজনকভাবে শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ঘটনাস্থল হাটহাজারী উপজেলার নন্দীরহাটের ছড়ারকূল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খতিব মঞ্জিল এলাকা থেকে পাঁচটি ককটেল ও ছয়টি রামদা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাতে এই অভিযান চালানো হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, খতিব মঞ্জিলের একটি ভাড়া ঘরে অভিযান চালিয়ে ককটেল ও রামদা উদ্ধার করা হয়েছে। এখানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. আখতারুজ্জামান (২২), সাব্বির হাওলাদার (২২), মো. ইউসুফ (২৩) ইমরান আলী (২৫) ও মো. তৌহিদ (২৩)। তাঁদের মধ্যে দুজনকে ঘটনাস্থল থেকে এবং অপর তিনজনকে পাশের মেস থেকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক হওয়া পাঁচজনের মধ্যে দুজন হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে, ‘ঘটনাস্থল থেকে আমরা দুজনকে আটক করেছি। এ ছাড়া তিনজনকে পাশের মেস থেকে ধরেছি। তাদের মোবাইল ফোন তল্লাশি করে তাতে হামলার পরিকল্পনা সম্পর্কিত খুদে বার্তা পেয়েছি। দুজন সরাসরি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।’ আটক হওয়া পাঁচজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবির কর্মী বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে, শিক্ষক বাসে হামলার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়।

উল্লেখ্য, আজ সকাল ১০ টার দিকে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় হাটহাজারীর নন্দীরহাটের ছড়ারকূল এলাকায় দুটি শিক্ষক বাসে হামলা চালানো হয়। এ সময় বাস লক্ষ্য করে ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৪ জন আহত হন। আহতদের বেশির ভাগই শিক্ষক।

আহত শিক্ষকদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন সৈয়দা হালিমা বেগম, জৈব রসায়ন বিভাগের দুই প্রভাষক সোনম আক্তার ও সুনন্দা বৈদ্য, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা, ফলিত পদার্থবিদ্যার প্রভাষক সাবরিনা আলম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আরা চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর হায়দার। আমৃতা নাগ নামের এক ছাত্রীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। তাঁদের চারজনের কানে সমস্যা হয়েছে। বাকিরা স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন। এ ছাড়া মাথা ও হাতে ব্যথা পেয়েছেন তাঁরা।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে এর জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘যেহেতু শিবির বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে। তাই ধারণা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।’

এদিকে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৯৪তম সভায় হামলার ঘটনার নিন্দা জানানো হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে দুপুর দেড়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ সভা চলে। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, এটি নিয়মিত সভা ছিল। সভায় পুলিশকে হল তল্লাশির ক্ষমতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। হামলার ঘটনায় একটি মামলা হবে বলেও তিনি জানান।