রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকদের হামলায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী গতকাল দুপুরে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, ‘সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্মৃতিস্তম্ভে আলোচনা অনুষ্ঠান চলছিল। এ সময় শিক্ষক সমিতির শিক্ষকেরা হামলা চালিয়ে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান পণ্ড করে দেন।’
উপাচার্যের অভিযোগ, হামলাকারীরা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকারী শিক্ষক উমর ফারুককে লাঞ্ছিত করেন এবং মাইক কেড়ে নেন। পরে শিক্ষক সমিতি সেখানে অনুষ্ঠান করে।
তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, ‘আমরা আলাদা একটি অনুষ্ঠান করতে স্মৃতিস্তম্ভে এলে উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান পালনকারীরা আমাদের শিক্ষকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান বন্ধ করে শিক্ষক সমিতি সেখানে দুপুর একটা পর্যন্ত পৃথক আলোচনা অনুষ্ঠান করে। সে সময় বক্তারা উপাচার্যবিরোধী বক্তব্য দেন এবং উপাচার্যের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
গত ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষকের পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতি অসহযোগের ডাক দেয়।