শিক্ষকদের বেতন গ্রেড সমন্বয়ের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড সমন্বয় করার নামে শিক্ষকনেতারা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৬০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় বলছে, এভাবে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই।
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়সূত্রে জানা গেছে, শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের মার্চ থেকে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়ায়। সে অনুযায়ী, সহকারী শিক্ষকদের বেতন ৪ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ২০০ টাকা এবং প্রধান শিক্ষকদের বেতন ৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৪০০ টাকায় উন্নীত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার একাধিক প্রধান শিক্ষক জানান, প্রতি উপজেলায় শিক্ষকদের ফেব্রুয়ারির মাসিক সভায় শিক্ষা কর্মকর্তার (টিও) উপস্থিতিতে কচুয়ায় ৩০০ টাকা, হাজীগঞ্জে ১০০ টাকা ও শাহরাস্তিতে ৬০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই টাকা আদায় করে সমিতির নেতাদের কাছে জমা দিয়েছেন।
কচুয়ায় ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২৩ জন শিক্ষকের কাছ থেকে ৩০০ টাকা হারে ৩ লাখ ৬ হাজার ৯০০ টাকা, হাজীগঞ্জে ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০০ শিক্ষকের কাছ থেকে ১০০ টাকা হারে ৮০ হাজার টাকা ও শাহরাস্তিতে ১০১টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষকের কাছ থেকে ৬০ টাকা হারে ৩৯ হাজার টাকা আদায় করা হয়েছে।
কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক ও নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খরচ হিসেবে শিক্ষকপ্রতি হিসাবরক্ষণ কার্যালয়ে ১০০ টাকা, প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ১০০ টাকা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কিছু টাকা জমা দিতে হয়। বাকি টাকা শিক্ষকনেতারা ও যাঁরা কাজ করেছেন তাঁরা পারিশ্রমিক হিসেবে নেবেন। আদায় করা টাকা সমিতির সভাপতি ও দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের কাছে জমা রাখা হয়েছে। তবে তাজুল ইসলাম জানান, প্রতি ইউনিয়নের শিক্ষক নেতাদের ওই টাকা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা এখনো টাকা জমা দেননি।
হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও সদ্য অবসরপ্রাপ্ত বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, ‘নেতারা টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। আদায় করা টাকা আমার কাছে জমা রাখা হয়েছে।’
শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বানিয়াচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল রহিম বলেন, ‘আমাদের এখানে ৬০ টাকা করে আদায়ের সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো অর্ধেক টাকা আদায় হয়নি।’
কচুয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শহিদুল হক মোল্লা বলেন, ‘আমি শুনেছি, নেতারা কিছু টাকা আদায় করেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ১০-১২ জন শিক্ষক বিল তৈরির কাজ করেছেন। হিসাবরক্ষণ কার্যালয়ে ও শিক্ষকদের খাওয়া খরচ বাবদ তাঁরা কিছু টাকা উঠিয়েছেন।’ তবে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল জানান, টাকা আদায়ের বিষয়টি তিনি জানেন না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন জানান, তাঁর কাছে চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে কেউ আসেননি। তবে এ খাতে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই।